
Md. ISRAFIL HOSSEN SHIHAB
আমার গ্রাম
গ্রামের সেই মাটির গন্ধ শহরের কোলাহলে দাঁড়িয়ে হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় গ্রামের সেই মাটির গন্ধ। বৃষ্টির প্রথম ফোঁটা পড়তেই যে গন্ধ বুক ভরে শ্বাস নিতে শেখাত, আজ তা শুধু স্মৃতির পাতায় আটকে আছে। তবু সে গন্ধ হারায়নি, সে গন্ধ এখনো হৃদয়ের গভীরে লুকিয়ে আছে, নীরবে ডাক দেয়। গ্রামের সকাল মানেই ছিল শিশিরভেজা উঠোন, মাটির ঘরের দেয়ালে রোদ্দুরের ছায়া আর দূরে কোথাও মোরগের ডাক। খালি পায়ে মাটির উপর হাঁটলে যেন মাটিই আমাদের চিনে নিত সে বলত, তুই আমারই সন্তান। শহরের পিচঢালা রাস্তায় সেই অনুভূতি কোথাও নেই। বর্ষাকালে গ্রামের কাঁচা রাস্তায় হাঁটু কাদা মেখে চলা, উঠোনে জমে থাকা পানিতে আকাশের প্রতিবিম্ব দেখা এই সবকিছু মিলেই ছিল আমাদের শৈশব। তখন জানতাম না, এই সাধারণ দিনগুলোই একদিন জীবনের সবচেয়ে দামি স্মৃতি হয়ে উঠবে। গ্রামের মাটি শুধু ধুলা নয় এতে মিশে আছে দাদার লাঙলের ঘাম, বাবার স্বপ্ন আর মায়ের দোয়া। এই মাটিতে শুয়ে আছে পূর্বপুরুষের ইতিহাস, হাসি-কান্না আর না বলা অনেক গল্প। শহরের উঁচু দালানে দাঁড়িয়ে সেই ইতিহাসকে ছুঁয়ে দেখা যায় না। আজ শহরে সব আছে আলো, সুযোগ, ব্যস্ততা। তবু কোথাও একটা শূন্যতা রয়ে যায়। কারণ এখানে মাটি ভিজে গন্ধ ছড়ায় না, এখানে আকাশটা খুব দূরে, আর মানুষগুলো খুব ব্যস্ত। গ্রামের সন্ধ্যায় যে নিস্তব্ধতা বুকের ভেতর শান্তি ঢেলে দিত, শহরের রাতে তা পাওয়া যায় না। একদিন হয়তো আবার ফিরব সেই গ্রামে। হয়তো তখন উঠোনটা ছোট হবে, গাছগুলো বুড়িয়ে যাবে, মানুষগুলো বদলে যাবে। তবু আমি জানিএকটু বৃষ্টি নামলেই সেই মাটির গন্ধ ঠিকই আমাকে চিনে নেবে। বলবে, “তুই ফিরেছিস… দেরি করেছিস, কিন্তু তুই আমারই।” গ্রামের সেই মাটির গন্ধ এ শুধু গন্ধ নয়, এ আমার শিকড়। 🌱
