
সেন্দ গ্রাম
সেন্দ
"খেলার মাঠ ও উন্মুক্ত স্থান রক্ষা করুন। উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম, পরিবেশ ও সুন্নাহর কথাও ভাবুন।" আমাদের গ্রামের খেলার মাঠ ও উন্মুক্ত স্থানগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, পরিবেশ এবং সামাজিক জীবনের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজ যদি আমরা এগুলো সংরক্ষণ না করি, তাহলে আগামী দিনে শিশুদের খেলার মাঠ, মানুষের মিলনস্থল এবং উন্মুক্ত পরিবেশ সবই ইতিহাস হয়ে যাবে। আমাদের বাজারের মসজিদের মাঠ একসময় ছিল প্রশস্ত ও সুন্দর। "সেখানে নিয়মিত জানাজার নামাজ আদায় হতো। " কিন্তু মাঠের পরিসর এতটাই কমে গেছে যে এখন জানাজার নামাজ মসজিদের ভেতরেই আদায় করতে হচ্ছে। উন্নয়নের নামে শুধু বড় বড় ভবন নির্মাণ করাই প্রকৃত উন্নয়ন নয়। উন্নয়নের পাশাপাশি উন্মুক্ত স্থান, পরিবেশ এবং আমাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য সংরক্ষণ করাও সমান গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে, যখন মসজিদ ছিল সাধারণ, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল দৃঢ়, হৃদয় ছিল আল্লাহভীরু, আর সুন্নাহ পালনের প্রতি ছিল গভীর ভালোবাসা। একটি প্রশ্ন থেকেই যায়, এই নির্মাণ পরিকল্পনাটি কি কোনো দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী (Engineer) দ্বারা মসজিদের বাস্তব জায়গা পরিমাপ ও ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনা করে করা হয়েছে? বর্তমান জায়গার পরিমাণ অনুযায়ী নির্মাণ শেষ হলে, ভবিষ্যতে জানাজার নামাজের জন্য পর্যাপ্ত উন্মুক্ত স্থান কি অবশিষ্ট থাকবে? ইসলামে জানাজার নামাজ মসজিদের ভেতরে আদায় করা বৈধ (জায়েজ)। তবে বহু আলেমের মতে, উত্তম ও সুন্নাহসম্মত পদ্ধতি হলো উন্মুক্ত স্থানে জানাজার নামাজ আদায় করা, যেমনটি রাসূল ﷺ অধিকাংশ ক্ষেত্রে পালন করেছেন। দুঃখের বিষয়, আমাদের বাজারের এই মসজিদে জন্মের পর থেকে দেখে আসছি জানাজার নামাজ মাঠেই অনুষ্ঠিত হতো। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে সেই সুযোগ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বড়ই আপসোস যে ভবিষ্যতে হয়তো জীবনের শেষ বিদায়ের নামাজ টাও উত্তম সুন্নাহ মেনে আদায় হবে না। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার উন্নয়নের পাশাপাশি দ্বীনের সুন্নাহ, পরিবেশ এবং জনস্বার্থ রক্ষার গুরুত্ব উপলব্ধি করার তাওফিক দান করুন। আমীন।
